আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন
আনোয়ারায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানান আয়োজন করেছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে আনোয়ারা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয় দিনব্যাপী নানা কর্মসূচি।
জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ পরিবেশনার মধ্য দিয়ে নববর্ষ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন। এসময় সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, কৃষি কর্মকর্তা মো. শামীম আহমেদ সরকার, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নববর্ষের মূল আকর্ষণ বৈশাখী শোভাযাত্রা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। “নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুদ্ধার” প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রায় রঙিন ব্যানার, মুখোশ, আলপনার প্রতীকসহ স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংগীত, নৃত্য, আবৃত্তি ও দেশীয় বাদ্যযন্ত্রের পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেন।
নববর্ষ উপলক্ষে উপজেলা পরিষদের জিমনেসিয়াম প্রাঙ্গণে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী বাঙালি খাবারের স্টল। পান্তা-ইলিশ, পিঠা-পুলি, খৈ–চিঁড়া, মুড়কিসহ নানা দেশীয় খাবার উপভোগ করেন আগত জনতা।
দিনব্যাপী এসব আয়োজনে সহযোগিতা করে উপজেলা শিল্পকলা একাডেমি ও স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো। নববর্ষকে ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবের রঙ, উচ্ছ্বাস ও সমৃদ্ধ ভবিষ্যতের প্রত্যাশা।
চখ/ককন
