টেকনাফে অপহরণ-মানবপাচার রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
কক্সবাজারের টেকনাফে চলমান অপহরণ, মানবপাচার, মাদক বিস্তার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে জরুরি রাষ্ট্রীয় হস্তক্ষেপ চেয়ে স্থানীয় জনগণের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় টেকনাফ সরকারি এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ‘কৃষি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে এ স্মারকলিপি প্রদান করা হয়।
টেকনাফের স্থানীয় জনসাধারণের পক্ষ থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, টেকনাফ বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও ভীতিকর পরিস্থিতির মধ্যে রয়েছে। অপহরণ, মানবপাচার এবং মাদকের বিস্তারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সশস্ত্র গোষ্ঠীর আধিপত্যে পুরো এলাকা অস্থিতিশীল ও ঝুঁকিপূর্ণ জনপদে পরিণত হয়েছে বলেও দাবি করা হয়।
এ পরিস্থিতিতে রাষ্ট্রের সরাসরি, দৃঢ় ও দৃশ্যমান হস্তক্ষেপ ছাড়া সংকট নিরসন সম্ভব নয় বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
স্মারকলিপিতে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে- নিয়মিত সমন্বিত বিশেষ অভিযান পরিচালনা, অপহরণ-মানবপাচার ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কার্যকর বাস্তবায়ন, চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার, দীর্ঘদিন ধরে উদ্বোধনের অপেক্ষায় থাকা সেনাঘাঁটি দ্রুত চালু করে সেনা টহল বৃদ্ধি এবং পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থা দ্রুত কার্যকর করা।
স্মারকলিপিতে আরও বলা হয়, টেকনাফের জনগণ এখন রাষ্ট্রের শক্ত অবস্থান ও কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছে। দ্রুত, দৃঢ় ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
চখ/ককন
