chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবার, দ্রুত সহায়তায় কাপ্তাই সেনা জোন

রাঙামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক পরিবারের পাশে দাঁড়িয়েছে কাপ্তাই সেনা জোন।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে কালামা মারমা (স্বামী: মৃত মংবই মারমা) নামের এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের আধাপাকা বসতবাড়ির ভেতরে থাকা প্রায় সব মালামাল পুড়ে যায়। এছাড়া বাড়ির রান্নাঘরের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়দের তাৎক্ষণিক উদ্যোগ এবং ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ঘটনার সময় ভুক্তভোগী কালামা মারমা স্থানীয় একটি বিহারে অবস্থান করায় আগুন লাগার প্রাথমিক পর্যায়ে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

খবর পেয়ে কাপ্তাই জোনের রাজস্থলী ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট আবীরের নেতৃত্বে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারও ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহায়তার আশ্বাস দেন।

কাপ্তাই সেনা জোনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের দ্রুত ও মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সংশ্লিষ্টরা জানান, রাজস্থলী এলাকায় কাপ্তাই জোন সবসময় মানবিক সহায়তায় এগিয়ে আসে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর