সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজা পাচারকালে আটক ১০
সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সমুদ্রে অভিযান চালিয়ে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
আটককৃতরা হলেন- উখিয়ার জালিয়া পালংয়ের বাসিন্দা মৃত আশরাফ আলীর ছেলে বোট মাঝি সুর মোহাম্মদ, আলি আহমেদের ছেলে রফিক, মৃত আবদুল সালামের ছেলে মাহমুদুল হক, আবুল মঞ্জুরের ছেলে মো. আব্দুর রশিদ, করিমুল্লাহর ছেলে জোবায়ের, টেকনাফের শামলাপুরের নজির হোসেনের ছেলে আবু হানিফ, নুর হোসেনের ছেলে সৈয়দ করিম, কক্সবাজারের রামুর সৈয়দ আকবারের ছেলে শহিদুল্লাহ, জলডেহি বাঁশখালীর শামসুল ইসলামের ছেলে সাহাঙ্গির আলম ও চট্রগ্রামের গহিরার মো. ইউসুফ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ এপ্রিল বিকাল ৫টায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ১টি সন্দেহজনক বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৮ বোতল বিদেশি মদ ও ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ১০ জন চোরাকারবারিকে আটক করা হয়।
জব্দকৃত আলামত, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত চোরাকারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
তাসু/চখ
