chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

খুলশী, পাহাড়তলী ও আকবরশাহ এলাকায় পৃথক অভিযানে অস্ত্র ও বিপুল মাদক জব্দ, পলাতকদের ধরতে অভিযান অব্যাহত

চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে লুট হওয়া একটি বিদেশি পিস্তল উদ্ধারসহ একাধিক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোররাত ও আগের দিন বিভিন্ন সময়ে নগরীর খুলশী, পাহাড়তলী, আকবরশাহ ও চান্দগাঁও এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

 

ডিবি (পশ্চিম) বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ২টা ৩০ মিনিটের দিকে খুলশী থানার মতিঝর্না এলাকায় অভিযান চালিয়ে মিনহাজ উদ্দিন রাহিম (২১) নামের এক যুবককে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ২০২৪ সালের ৫ আগস্ট সহযোগী আমির হোসেনকে নিয়ে ডবলমুরিং থানা থেকে একটি বিদেশি পিস্তল লুট করেন।

 

পরে ওই অস্ত্রটি তারা বিভিন্ন অপরাধে ব্যবহার করেন এবং একপর্যায়ে ৫০ হাজার টাকায় তা আমির হোসেনের কাছে বিক্রি করে দেন। এই তথ্যের ভিত্তিতে লালখান বাজার এলাকার একটি বাসায় অভিযান চালালে আমির হোসেন পালিয়ে যান। তবে সেখান থেকে একটি ৯ এমএম বিদেশি পিস্তল উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত অস্ত্রটি ডবলমুরিং থানা থেকে লুট হওয়া সরকারি পিস্তল বলে শনাক্ত করা হয়েছে।

 

পুলিশ জানায়, পলাতক আমির হোসেনের বিরুদ্ধে পূর্বে একটি হত্যা মামলাও রয়েছে। এ ঘটনায় খুলশী থানায় মামলা প্রক্রিয়াধীন।

 

অন্যদিকে, ডিবি (পশ্চিম) বিভাগের আরেকটি অভিযানে সোমবার রাতে পাহাড়তলী থানার মাইট্ট্যাল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. মাঈনুদ্দীন (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাহাড়তলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া ডিবি (বন্দর) বিভাগের পৃথক অভিযানে আকবরশাহ থানার উত্তর কাট্টলি এলাকায় অভিযান চালিয়ে মো. মহসিন ও মো. জহির নামে দুই মাদক ব্যবসায়ীকে ৩শ’ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

 

একই বিভাগের আরেকটি অভিযানে চান্দগাঁও থানার কাপ্তাই সড়ক এলাকায় অভিযান চালিয়ে ইমাম হোসেন নামে এক ব্যক্তিকে এক কেজি ৫শ’ গ্রাম গাঁজা ও নগদ ১ হাজার ৭০ টাকাসহ আটক করা হয়।

 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর