নাইক্ষ্যংছড়িতে মিয়ানমারে পাচারকালে ৩৯৫ লিটার অকটেন জব্দ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে মজুদ করা ৩৯৫ লিটার অকটেন ও ২৪ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১১ এপ্রিল) ভোররাত থেকে সকাল পর্যন্ত পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল ও সার উদ্ধার করা হয় বলে জানিয়েছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করে। এ সময় সোনাইছড়ি এলাকা থেকে অবৈধভাবে মজুদ করা ৩৯৫ লিটার অকটেন জব্দ করা হয়। একই সময়ে টাইম বাজার এলাকা থেকে ২০ বস্তা ইউরিয়া ও ৪ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা এসব জ্বালানি তেল ও সার সীমান্ত পথে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার, কালোবাজারি ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা ও অবৈধ পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চখ/ককন
