চট্টগ্রামে রিকশা থামিয়ে কুপিয়ে হাত বিচ্ছিন্নের ঘটনায় গ্রেপ্তার যুবক
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন কোরবানীগঞ্জ বলুয়াদিঘীর পশ্চিমপাড় এলাকায় মো. মিনহাজ নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় মো. সবুজ (২৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সময় ব্যবহৃত রক্তমাখা ধামাও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) ভোরে কোতোয়ালি থানা পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ইমামপাড়া এলাকা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ৬ এপ্রিল সকালে ভুক্তভোগী মো. মিনহাজ (২৩) রিকশাযোগে কর্মস্থলে যাওয়ার সময় কোরবানীগঞ্জ বলুয়াদিঘীর পাড় এলাকায় কয়েকজন সন্ত্রাসী তার রিকশার গতিরোধ করে।
এসময় আবদুল আউয়াল অপু, সবুজ, তুহিনসহ ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মিনহাজকে রিকশা থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। হামলার একপর্যায়ে সবুজ মাথায় কোপ দিতে গেলে মিনহাজ হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে তার ডান হাতের কব্জির নিচ থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভিকটিমের বোন তানজিনা আক্তার বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার জানান, কোতোয়ালি থানা পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ইমামপাড়া এলাকা থেকে সবুজকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তির ভিত্তিতে নগরের কোতোয়ালির পাথরঘাটা এলাকায় একটি দোকানের সামনে থেকে হামলায় ব্যবহৃত রক্তমাখা ধামা উদ্ধার করা হয়।
এর আগে একই মামলার আরেক আসামি তুহিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার সবুজকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা করা হয়েছে।
মআ/চখ
