chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভিজিটর ভিসার মেয়াদ নয়, আই-৯৪ অনুযায়ী অবস্থান নির্ধারণ: যুক্তরাষ্ট্র দূতাবাসের সতর্কতা

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের অবস্থানের সময়সীমা ভিজিটর ভিসার মেয়াদ অনুযায়ী নয়, বরং ইমিগ্রেশন কর্তৃপক্ষের নির্ধারিত অনুমতির ভিত্তিতেই নির্ধারিত হয় বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

 

শনিবার এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, আন্তর্জাতিক ভ্রমণকারীরা যুক্তরাষ্ট্রে কতদিন থাকতে পারবেন তা দেশটিতে প্রবেশের সময় ইমিগ্রেশন কর্মকর্তা নির্ধারণ করে দেন। ফলে ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত অবস্থান করার ধারণাটি সঠিক নয়।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসার মেয়াদ এবং দেশে অবস্থানের অনুমোদিত সময় এক বিষয় নয়। একজন ভ্রমণকারী কতদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন, তা নির্ধারিত থাকে ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্টের অধীন আই-৯৪ রেকর্ডে উল্লেখিত এডমিট আনটিল ডেট এর মাধ্যমে।

 

আই-৯৪ হলো যুক্তরাষ্ট্রে প্রবেশের পর কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশন কর্মকর্তাদের জারি করা একটি গুরুত্বপূর্ণ আগমন ও প্রস্থান রেকর্ড। এতে ভ্রমণকারীর প্রবেশের তারিখ, ভিসা শ্রেণি এবং কতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করা যাবে তা উল্লেখ থাকে।

 

দূতাবাস জানায়, আইনগতভাবে বৈধ অবস্থান নিশ্চিত করতে আই-৯৪ ডকুমেন্টই মূল ভিত্তি হিসেবে কাজ করে। অভিবাসন সংক্রান্ত অবস্থান, অবস্থানকাল এবং কর্মসংস্থান অনুমোদন যাচাইয়ের ক্ষেত্রেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

এ বিষয়ে ভ্রমণকারীদের আই-৯৪–এ উল্লেখিত নির্ধারিত সময়সীমা অনুসরণ করার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে, যাতে কোনো ধরনের ভিসা জটিলতা বা আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি না হয়।

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর