বিশ্বকাপের আগে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা
সম্প্রতি আফ্রিকার দুই দেশ মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা।
এই দুই ম্যাচে থাকবেন লিওনেল মেসিও। মূলত ২০২৬ বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে এই দুই ম্যাচ খেলবে আর্জেন্টাইনরা।
৬ জুন টেক্সাসের কাইল ফিল্ড ইন কলেজ স্টেশন মাঠে হন্ডুরাসের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। ৯ জুন আলাবামার অবার্নের জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
শেষ ম্যাচটি হতে যাচ্ছে ইতিহাসের সাক্ষী। আর্জেন্টিনা-আইসল্যান্ডের ম্যাচটিই হতে যাচ্ছে জর্ডান-হেয়ার স্টেডিয়ামে ৮৭ বছরের ইতিহাসে প্রথম কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ।
স্কালোনির দল বিশ্বকাপ ক্যাম্প করবে কানসাস সিটিতে। ১৯ জুন এই শহরের অ্যারোহেড স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনা পড়েছে ‘জে’ গ্রুপে। তাদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা গ্রুপে নিজেদের শেষ দুই ম্যাচ খেলবে ডালাসে।
এবারের বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে হতে যাওয়া এই ফুটবল যজ্ঞ শুরু হবে ১১ জুন থেকে।
ফরিদা|চখ
