chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাটিরাঙায় প্রাইমেট ফেয়ার, বানর রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ

বানর-হনুমানসহ প্রাইমেট গোত্রের প্রাণীরা বন সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের রক্ষায় কার্যকর উদ্যোগ নেই বললেই চলে। এমন সংকটকালীন মূহুর্তে খাগড়াছড়ির মাটিরাঙার পিটাছড়ায় আয়োজন করা হয় প্রাইমেট ফেয়ার।যেখানে লজ্জাবতী বানর ও মুখপোড়া হনুমানসহ এসব প্রাইমেট গোত্রের প্রাণীদের স্বভাব, বাসস্থানসহ নানা বিষয়ের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রকৃতিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনাও হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে পিটাছড়া বন ও বন্য প্রাণী সংরক্ষণ উদ্যোগ। সহযোগিতায় ছিল জার্মানভিত্তিক সংগঠন প্লামলরিস ই ভি বাংলাদেশ। অনুষ্ঠান উদ্বোধন করেন খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা।এসময় উপস্থিত ছিলেন পিটাছড়া বন ও বন্য প্রাণী সংরক্ষণ উদ্যোগের প্রতিষ্ঠাতা মাহফুজ রাসেল, বন্য প্রাণী গবেষক হাসান আল রাজি।

আয়োজকেরা জানান, প্রাইমেট গোত্র নিয়ে সচেতনতা বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলতে এমন আয়োজন করা হয়। তাঁরা আরও জানান, চার বছর ধরে লজ্জাবতী বানর, চশমাপরা হনুমান, মুখপোড়া হনুমানসহ বিভিন্ন প্রজাতির প্রাইমেট সংরক্ষণে নিয়মিতভাবে প্রাইমেট ফেয়ারের আয়োজন করা হচ্ছে।

পিটাছরা উদ্যোগের প্রতিষ্ঠাতা মাহফুজ রাসেলের কাছে, এই মেলাটি জ্ঞান বিনিময়ের পাশাপাশি সম্পর্ক গড়ারও একটি মাধ্যম। তিনি বলেন, “আমরা এমন একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করছি যেখানে সংরক্ষণকে চাপিয়ে দেওয়া হবে না, বরং তা বোঝা হবে এবং সাদরে গ্রহণ করা হবে।”

মেলায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয় এবং বানর গোত্রের প্রাণীদের স্বভাব, আবাসস্থল ও গুরুত্ব সম্পর্কে তাদের অবহিত করা হয়। প্রকৃতিতে এসব প্রাণীর ভূমিকা নিয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে বায়োস্কোপ, গান, সাংস্কৃতিক পরিবেশনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন ছিল। কুইজে বিজয়ীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। খেদাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলুটিলা বটতলী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য, এবং তারা প্রাইমেট বিষয়ে আগ্রহ নিয়ে বিভিন্ন তথ্য জেনেছে।

চখ/ককন

 

এই বিভাগের আরও খবর