প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
অধিবেশনের ১১তম দিনের সকালের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় সংসদ সদস্য মো. সেলিম রেজা সরকারের শিক্ষা খাতে পরিকল্পনা ও উদ্যোগ সম্পর্কে জানতে চান।
জবাবে প্রধানমন্ত্রী জানান, নির্বাচনি ইশতেহার অনুযায়ী শিক্ষা খাতে বরাদ্দ ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে ৪৩টি খাত চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, চলতি অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীর মাঝে বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে এবং পর্যায়ক্রমে এ কার্যক্রম দেশের সব উপজেলায় সম্প্রসারণ করা হবে।
এ ছাড়া শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে ধাপে ধাপে সব উপজেলায় স্কুল ফিডিং বা মিড-ডে মিল চালুর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।
ফরিদা|চখ
