জনকল্যাণ আদর্শ উচ্চ বিদ্যালয়
সাতকানিয়ায় নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটির অভিযোগ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নে অবস্থিত জনকল্যাণ আদর্শ উচ্চ বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন ধরে প্রায়ই বিদ্যালয়টিতে দুপুর ২টার আগেই ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। অথচ সরকারি নিয়ম অনুযায়ী সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্লাস চলার কথা।
গত ২ এপ্রিল সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুর ২:৩০টার আগেই স্কুল প্রাঙ্গণ ফাঁকা হয়ে যায়। এমনকি দুপুর ২টার মধ্যেই শিক্ষার্থী ও শিক্ষকরা বিদ্যালয় ত্যাগ করেন—এমন প্রমাণও পাওয়া গেছে। এ সময় বিদ্যালয়ের দরজা ও অফিস কক্ষ বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান জানান, ওইদিন পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। তবে বিদ্যালয়ের হাজিরা খাতা পর্যালোচনায় দেখা যায়, গত ১ এপ্রিল থেকে নিয়মিত রোল কল করা হয়নি। পাশাপাশি অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, ২ এপ্রিল কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি।
২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের একাধিক অভিভাবক জানান, রমজান মাসে পূর্বে একবার সভা হলেও উল্লেখিত দিনে কোনো সভা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের এক কর্মকর্তা জানান, কিছু শিক্ষক দুপুরের খাবার না আনার কারণে ওইদিন আগেভাগেই ছুটি দেওয়া হয়। তবে রোজার ঈদের পর থেকেই এমনটি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
ঘটনার সত্যতা যাচাই করতে দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা বলা হলে তারাও একই তথ্য নিশ্চিত করেন।
প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি ১৯৯৯ সালে এমপিওভুক্ত হয়। বর্তমানে বিদ্যালয়ে ১৩ জন শিক্ষক, ৬ জন অফিস সহায়ক এবং মোট ২৫৫ জন শিক্ষার্থী রয়েছে।
এ বিষয়ে সাতকানিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত) নুরুল ইসলাম বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “আমরা বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।”
এ ঘটনায় দ্রুত তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
চখ/ককন