chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ছয়জন হত্যা মামলা: সাবেক মন্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ট্টগ্রামে আন্দোলন চলাকালে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

মঙ্গলবার ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন। মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ মোট ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

 

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে পলাতক ১৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্যদিকে, এ মামলার চার আসামি ইতোমধ্যে গ্রেপ্তার রয়েছেন বলে জানা গেছে।

 

মামলার আসামিদের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন।

 

এর আগে চট্টগ্রামের রাউজান আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে অন্য একটি মামলায় গ্রেপ্তার করা হয়। পরে গত ৫ ফেব্রুয়ারি তাকে এ মানবতাবিরোধী অপরাধের মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়।

 

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের নেতা ওয়াসিম আকরাম। এ ঘটনার এক মাস পর তার মা জোছনা বেগম পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রায় ২৫০ জনকে আসামি করা হয়।

 

পরবর্তীতে জুলাই-অগাস্ট আন্দোলন ঘিরে চট্টগ্রামে মোট ১১ জন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা হয়। তদন্ত শেষে ওই ঘটনার মধ্যে ছয়জনকে হত্যার অভিযোগে ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর