বিশ্ব স্বাস্থ্য দিবস আজ
বিশ্ব স্বাস্থ্য দিবসের ইতিহাস অনুযায়ী, ১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রের একটি সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেয়। একই বছরের জুন ও জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয়।
পরবর্তীতে ১৯৪৮ সালের ৭ এপ্রিল এই আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। সেই দিনটিকেই বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে নির্ধারণ করা হয়। প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন একটি স্বাস্থ্য বিষয়কে প্রতিপাদ্য হিসেবে নির্বাচন করে, যা বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ। বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি স্থানীয় ও আন্তর্জাতিকভাবে পালন করা হয়।
দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আজ সকাল সাড়ে ১০টায় শাহবাগের আবু সাঈদ কনভেনশন সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করেছে।
স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জমান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ৭ থেকে ১৩ এপ্রিল সেবা সপ্তাহ পালনের সিদ্ধান্ত নিয়েছে। সপ্তাহজুড়ে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।
এর অংশ হিসেবে ‘খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান’ শীর্ষক একটি গণমুখী সেমিনারের আয়োজন করা হয়েছে। এটি মঙ্গলবার সকাল ৯টায় মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
ফরিদা |চখ
