ফটিকছড়িতে শালিসি বৈঠকে যাওয়ার পথে যুবককে পিটিয়ে হত্যা
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় শালিসি বৈঠকে যাওয়ার পথে মো. নুরুল আবছার (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বটতল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আবছার ওই ইউনিয়নের বাগানের টিলা এলাকার মো. নবিদুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে চুরির ঘটনা নিয়ে জনমনে উদ্বেগ ছিল। এ বিষয়টি নিয়ে একটি সামাজিক শালিসি বৈঠকের আয়োজন করা হয়। চুরির সন্দেহে আবছারকেও ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়।
শনিবার রাতে ছোট ভাইকে সঙ্গে নিয়ে বৈঠকে যাওয়ার পথে বটতল এলাকায় পৌঁছালে কিছু লোক তাকে আটক করে বেদম মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার ভাই বিষয়টি পরিবারের সদস্যদের জানালে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই। কেউ অপরাধী হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে আমাদের অভিযান চলছে।”
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তাসু/চখ
