নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান
ঈদের আগেই হাতিয়ায় নতুন ফেরি চালুর উদ্যোগ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দীর্ঘদিনের নৌযান ও ফেরি সংকট নিরসনে সরকার নতুন উদ্যোগ নিয়েছে। পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনায় গিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান জানিয়েছেন, আসন্ন ঈদুল আজহার আগেই একটি নতুন ফেরি চালুর চেষ্টা চলছে।
শনিবার সকালে হাতিয়ার নলচিরা চৌঘাট এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি জানান, দ্বীপাঞ্চলের মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং সে লক্ষ্যেই বাস্তব পরিস্থিতি যাচাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, “আমরা স্ব উদ্যোগে সরেজমিনে এসেছি সকল মতের মানুষের স্বার্থে। দলমত নির্বিশেষে সবার উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।” তিনি বলেন, নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে এবং সেই অংশ হিসেবেই হাতিয়ার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে তিনি জানান, হাতিয়ার উভয় পাশের ফেরিঘাট আরও প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে। নদীর নাব্যতা স্বাভাবিক রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম চলমান আছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি ঘাটের র্যাম্প উন্নয়ন এবং নদীর তীর সংরক্ষণে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে।
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সরকারের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে হাতিয়ার দীর্ঘদিনের যোগাযোগ সংকটে বড় ধরনের উন্নয়ন ঘটবে বলে স্থানীয়রা আশা করছেন।
তাসু/চখ
