chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মোটরসাইকেলে ইয়াবা পাচার, হাতেনাতে ধরা ২ কারবারি

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৬টার দিকে কোস্টগার্ড আউটপোস্ট শাহপরীর সদস্যরা টেকনাফ থানার সাবরাং কাটাবুনিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় একটি সন্দেহজনক মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে আরোহীরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়।

আটকদের কাছে থাকা একটি বস্তা তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা।

উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত মোটরসাইকেল এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে তাদের কার্যক্রম আরও জোরদার করা হবে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর