chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাঙ্গামাটিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

রাঙ্গামাটি–চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নানিয়ারচর উপজেলা থেকে ছেড়ে আসা একটি রিজার্ভ বাস চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি সাপছড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়, এতে বাসে থাকা যাত্রীরা আহত হন।

আহত যাত্রীদের ভাষ্য অনুযায়ী, তারা সবাই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও অন্যান্য যানবাহনের যাত্রীরা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং আহতদের রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠান।

রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শওকত আকবর খান জানান, দুর্ঘটনায় আহত প্রায় ২০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত এক অজ্ঞাতনামা যুবককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বর্তমানে আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর