ঈদের দ্বিতীয় দিনে সড়কে ঝরলো ২৮ প্রাণ
সারাদেশে একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা
ঈদের দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লায় ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে ১২ জন, ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন এবং হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত হন। এছাড়া টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম, নাটোর, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও কুড়িগ্রামে পৃথক দুর্ঘটনায় আরও কয়েকজনের প্রাণহানি ঘটে।
কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস ট্রেনের ধাক্কায় প্রায় এক কিলোমিটার দূরে ছিটকে যায়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হন।
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত ও ১১ জন আহত হন। হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপের সংঘর্ষে ৪ জন নিহত হন।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে মোটরসাইকেল দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন গাছ বা খুঁটির সঙ্গে ধাক্কা লাগা এবং মুখোমুখি সংঘর্ষে অন্যান্য প্রাণহানির ঘটনা ঘটে।
পুলিশ ও সংশ্লিষ্টরা জানান, বেপরোয়া গতি, সড়কের ঝুঁকিপূর্ণ অবস্থা এবং অসতর্কতা এসব দুর্ঘটনার প্রধান কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তাসু/চখ
