chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দৈনিক চট্টলার খবরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক চট্টলার খবর পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পত্রিকার কার্যালয়ে কেক কাটা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক, সমাজসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নিয়ে পত্রিকার অগ্রযাত্রার জন্য শুভকামনা জানান।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উদযাপন করা হয়। পরে পত্রিকার অসুস্থ সম্পাদক শহিদুল ইসলামের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার নির্বাহী সম্পাদক ইব্রাহিম মুরাদ। তিনি বলেন, নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের মধ্যেও দৈনিক চট্টলার খবর পাঠকদের কাছে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে তিনি পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকল সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি পত্রিকার অসুস্থ সম্পাদক শহিদুল ইসলামের দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার ওমর ফারুক। তিনি বলেন, গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে তুলে ধরা। অল্প সময়ের মধ্যেই দৈনিক চট্টলার খবর সেই দায়িত্ব পালনে আন্তরিকতার পরিচয় দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পত্রিকাটি সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা আরও দৃঢ় করবে।

দৈনিক পূর্বদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার এম এ হোসাইন বলেন, একটি নতুন পত্রিকার জন্য এক বছর পথচলা অনেক বড় অর্জন। সীমিত সম্পদ ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও দৈনিক চট্টলার খবর নিয়মিত প্রকাশনা অব্যাহত রেখেছে, যা প্রশংসনীয়। তিনি পত্রিকার সম্পাদক শহিদুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করেন এবং পত্রিকার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

দৈনিক পূর্বকোণের সহ-সম্পাদক অনুপম চৌধুরী বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। দায়িত্বশীল সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে একটি পত্রিকা মানুষের আস্থা অর্জন করতে পারে। তিনি বলেন, চট্টলার খবর সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে।

এ সময় আগ্রাবাদ বাদামতলী এলাকার সমাজসেবক এস এম পিন্টু বলেন, স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো তুলে ধরতে আঞ্চলিক পত্রিকাগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, দৈনিক চট্টলার খবর ভবিষ্যতে নগর ও এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়গুলো আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরবে।

এএসআই মোহাম্মদ সজিব বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজকে সচেতন করার ক্ষেত্রে পত্রিকাগুলোর অবদান অপরিসীম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দৈনিক চট্টলার খবরের হেড অব আইটি নুরুল ইসলাম, সিনিয়র ফটোগ্রাফার এম ফয়সাল এলাহী, স্টাফ রিপোর্টার কুশলব কুমার নাথ, সাব এডিটর মুক্তা আক্তার, সুমাইয়া সুলতানা, অলক চক্রবর্তী, শুভ সেন, অন্তু চৌধুরী, মুক্তার খানসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।শেষে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন উপস্থিত অতিথিরা। আন্তরিক পরিবেশে ইফতার গ্রহণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়।

বক্তারা বলেন, অল্প সময়ের মধ্যেই দৈনিক চট্টলার খবর পাঠকমহলে একটি পরিচিত নাম হয়ে উঠেছে। ভবিষ্যতেও পত্রিকাটি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের পাশে থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

চখ/ককন

এই বিভাগের আরও খবর