ওসমান বিন রহিম উল্লাহ ফাউন্ডেশনের ইফতার ও শতাধিক ইমামকে সম্মানী প্রদান
পবিত্র মাহে রমজান উপলক্ষে ওসমান বিন রহিম উল্লাহ ফাউন্ডেশন (OBRU)-এর উদ্যোগে চকরিয়ার ফাঁসিয়াখালী এলাকায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রায় ৫০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইফতারির ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি, সংযম এবং মানবকল্যাণে মুসলমানদের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।
শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৪টার সময় চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালীতে ওসমান বিন রহিম উল্লাহ ফাউন্ডেশনের মাঠে উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, রমজান শুধু রোজা রাখার মাস নয়; এটি ধৈর্য, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই পবিত্র মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব।
এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় শতাধিক মসজিদের ইমামদের মাঝে সম্মানী প্রদান করা হয়, যা সমাজে ফাউন্ডেশনের মানবিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরে।
অনুষ্ঠানে স্থানীয় আলেম-উলামা, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সকলে একসাথে কাজ করার আহ্বান জানান।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা রুহুল মতিন বলেন, “অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। মানবতার সেবাই আমাদের অঙ্গীকার। ওসমান বিন রহিম উল্লাহ ফাউন্ডেশন সবসময় অসহায়, এতিম ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা আরও বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম অব্যাহত রাখব।”
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী আশরাফুল উলুম মাদ্রাসার মহাপরিচালক মাওলানা আব্দুল মান্নান। উক্ত মোনাজাতে ওসমান বিন রহিম উল্লাহর পিতার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। তুর্কী প্রবাসী ওসমান বিন রহিম উল্লাহর সুস্বাস্থ্য কামনা করে দোয়া চাওয়া হয়।
পরে উপস্থিত সকলের অংশগ্রহণে আন্তরিক পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
চখ/ককন
