দাবি ইরানের
মোজতবা খামেনি আহত, তবে সুস্থ
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন, তবে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইতালির দৈনিক ‘করিয়ের ডেলা সেরা’কে বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এ কথা জানান। খবর আনাদলুর
তিনি চলমান আঞ্চলিক উত্তেজনা নিয়ে কথা বলেন এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানান।
তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর প্রতি ইরানের কোনও শত্রুতা নেই। তবে অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ‘অবিশ্বাসের পরিবেশ’ তৈরি করছে বলে দাবি করেন তিনি।
বাকাই জানান, তেহরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে। পাশাপাশি তেলের দাম বৃদ্ধিকে ঘিরে ইউরোপের উদ্বেগের বিষয়েও তিনি কথা বলেন।
ইরানি এই কূটনীতিক ইউরোপীয় দেশগুলোর প্রতি ‘এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর’ আহ্বান জানান এবং বলেন, তারা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করলে তেহরান তা স্বাগত জানাবে।
চলতি সপ্তাহের শুরুতে মোজতবা খামেনিকে তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে ইরানের নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকেই আঞ্চলিক উত্তেজনা তীব্র আকার ধারণ করে। ইরানি কর্তৃপক্ষের তথ্যমতে, এসব হামলায় প্রায় ১,৩০০ জন নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
এর জবাবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে সেসব দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে তেহরান।
ফখ|চখ
