বাগেরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১২
বাগেরহাটের রামপাল উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতির বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করে এবং আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেনাজ মোশাররফ জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে ৮ জনের মরদেহ আনা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশু, তিনজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। এছাড়া একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল বলেন, রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজনের মরদেহ রয়েছে।
প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৮ জন নিশ্চিত করা হলেও পরে তা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফখ|চখ
