পতেঙ্গায় ৫ কোটি টাকার ইয়াবাসহ আটক ৫
চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মিয়ানমার থেকে সমুদ্রপথে আনা প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ বাল্কহেডের পাঁচ শ্রমিককে আটক করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কর্ণফুলী নদীর তীরবর্তী ১৫ নম্বর ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দুপুরে নগরের বহদ্দারহাট এলাকায় র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য জানান।
আটকরা হলেন মো. ইমরান (২১), মো. আনিস (২৯), মো. মনির হোসেন (৪৫), মো. আলী (৪৭) এবং মো. রুবেল (২৭)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মিয়ানমার থেকে সমুদ্রপথে একটি বাল্কহেডে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরীর দিকে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল বাল্কহেডটির গতিবিধি অনুসরণ করে।
একপর্যায়ে বাল্কহেডটি পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় নোঙর করলে সেখান থেকে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বাল্কহেডটির ইঞ্জিন রুমে তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাবের অধিনায়ক জানান, আটক ব্যক্তিরা বাল্কহেডে শ্রমিক হিসেবে কাজ করতেন এবং নির্দিষ্ট স্থানে ইয়াবার চালান পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন। এ কাজের জন্য প্রত্যেকে প্রায় ১৫ হাজার টাকা পারিশ্রমিক পাওয়ার কথা ছিল।
ফখ|চখ
