chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঈদের ছুটিতেও চলবে ব্যাংকের লেনদেন

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রাহকদের লেনদেনের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকারি ছুটির দিনেও সীমিত পরিসরে খোলা থাকবে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেম।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে।

এতে ঈদের আগে দীর্ঘ ছুটির সময়েও আন্তঃব্যাংক পেমেন্ট ও নিষ্পত্তি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।

সার্কুলার অনুযায়ী, ঈদের ছুটির সময় বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস এর আওতায় হাই-ভ্যালু ক্লিয়ারিংয়ের জন্য চেক জমা দেওয়ার শেষ সময় সকাল ১১টা ৩০ মিনিট এবং রেগুলার-ভ্যালু ক্লিয়ারিংয়ের জন্য দুপুর ১২টা। এছাড়া রেগুলার-ভ্যালু ক্লিয়ারিংয়ের রিটার্ন কাট-অফ সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ১টা পর্যন্ত।

তবে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক সেবা আগের নিয়মেই দৈনিক তিনটি সেশনের মাধ্যমে চালু থাকবে।

অন্যদিকে, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেমে সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত গ্রাহক লেনদেন (দেশীয় ও বৈদেশিক মুদ্রা) সম্পন্ন করা যাবে। আর ব্যাংকগুলোর আন্তঃব্যাংক তহবিল স্থানান্তর ও রিটার্ন লেনদেন চলবে দুপুর ১টা পর্যন্ত।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গ্রাহক ও ব্যবসায়ীদের লেনদেন যেন ঈদের ছুটিতে বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করতেই এই বিশেষ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

ফখ|চখ

এই বিভাগের আরও খবর