chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘অসহায়’ মার্কিন নৌবাহিনী

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, ইরান ইতিমধ্যে প্রণালিটিতেহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘অসহায়’ মার্কিন নৌবাহিনী নৌ-মাইন স্থাপন শুরু করেছে। তবে হামলার ঝুঁকি অত্যন্ত বেশি হওয়ায় বর্তমানে সেখানে জাহাজ চলাচলের নিরাপত্তা দিতে পারছে না মার্কিন নৌবাহিনী—এমন তথ্যও সামনে এসেছে।

সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুই মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন যে গত কয়েকদিনে ইরানি বাহিনী হরমুজ প্রণালিতে কয়েক ডজন মাইন স্থাপন করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছিল, ইরান মাইন বসানোর প্রস্তুতি নিচ্ছে। কিন্তু নতুন তথ্যে বলা হচ্ছে, সেই প্রস্তুতি ইতোমধ্যেই বাস্তবে রূপ নিতে শুরু করেছে।

তবে এখন পর্যন্ত খুব বেশি মাইন বসানো হয়নি বলেও জানিয়েছেন ওই গোয়েন্দারা। তাদের ভাষ্য অনুযায়ী, ইরানের হাতে থাকা ছোট জাহাজ ও বিশেষ মাইন স্থাপনকারী নৌযানের প্রায় ৮০ শতাংশ এখনো ব্যবহৃত হয়নি। অর্থাৎ প্রয়োজন হলে ইরান অল্প সময়ের মধ্যেই হরমুজ প্রণালিজুড়ে হাজার হাজার মাইন স্থাপন করতে সক্ষম।

সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ শুধু ইরানের নৌবাহিনীর হাতেই নয়; দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসও (আইআরজিসি) এ অঞ্চলে সক্রিয় রয়েছে। তাদের কাছে এমন সামরিক সক্ষমতা রয়েছে যার মাধ্যমে পুরো প্রণালিতে কার্যত মাইনের জাল তৈরি করা সম্ভব।

এর পাশাপাশি আইআরজিসির কাছে বিস্ফোরক বোঝাই ছোট নৌকা ও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ব্যবহার করে তারা জাহাজের ওপর হামলা চালাতে পারে। বিশ্লেষকদের মতে, এসব কৌশল ব্যবহার করলে হরমুজ প্রণালিতে কার্যকর অবরোধ তৈরি করা সম্ভব।

অন্যদিকে হরমুজ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে শিপিং কোম্পানি ও সংশ্লিষ্টরা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কাছে সহায়তা চাইছে। কিন্তু তারা জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। কারণ ইরানের সম্ভাব্য হামলার ঝুঁকি এখনো অনেক বেশি।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, জাহাজ চলাচল সংশ্লিষ্ট তিনটি সূত্র জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গে নিরাপত্তা নিয়ে কথা বলেছে। কিন্তু নৌবাহিনী জানিয়েছে, এ মুহূর্তে তাদের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তারা বলেছে, যখন হামলার ঝুঁকি কমে যাবে তখনই নিরাপত্তা দেওয়া যাবে।

গত সপ্তাহে ইসলামিক বিপ্লবী গার্ডের পক্ষ থেকে দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছিল, কেউ যদি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চালানোর চেষ্টা করে, তাহলে সেই জাহাজ লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। এই হুঁশিয়ারির পর থেকেই আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ফথ|চখ

এই বিভাগের আরও খবর