chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

তেলের দাম বাড়ার শঙ্কার চট্টগ্রামে ভিড় পেট্রোল পাম্পে 

আন্তর্জাতিক পরিস্থিতি ও সম্ভাব্য যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বাড়তে পারে—এমন আশঙ্কায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে ভিড় বাড়তে শুরু করেছে। অনেকে আগাম মজুতের উদ্দেশ্যে মোটরসাইকেল, প্রাইভেটকার ও গাড়ির ট্যাংক পূর্ণ করে নিচ্ছেন। এতে করে নগরের বেশ কয়েকটি পাম্পে দেখা গেছে দীর্ঘ লাইন ও অতিরিক্ত চাপ।

মঙ্গলবার সকাল থেকে নগরের চান্দগাঁও, পাঁচলাইশ, বহদ্দারহাট, আগ্রাবাদ ও কাপ্তাই রাস্তার মাথা এলাকার একাধিক পেট্রোল পাম্পে এমন চিত্র দেখা গেছে।

অনেক চালকই বলছেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হলে দেশে জ্বালানির দাম বাড়তে পারে—এই আশঙ্কা থেকেই তারা আগেভাগে তেল নিচ্ছেন।

চান্দগাঁও এলাকার একটি পেট্রোল পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম বলেন, “শুনছি যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে পারে। তাই পরে দাম বাড়ার আগেই ট্যাংক ফুল করে নিচ্ছি।”

পাঁচলাইশ এলাকার আরেক গাড়িচালক কামাল উদ্দিন বলেন, “গত কয়েক বছর ধরেই আন্তর্জাতিক বাজারের প্রভাবে দেশে জ্বালানির দাম বাড়তে দেখেছি। তাই অনেকে আগাম প্রস্তুতি নিচ্ছে।”

পেট্রোল পাম্প মালিকরা জানান, গত কয়েক দিনের তুলনায় হঠাৎ করে জ্বালানি বিক্রি বেড়ে গেছে। অনেকেই স্বাভাবিকের তুলনায় বেশি তেল নিচ্ছেন। এতে কিছু পাম্পে সাময়িক ভিড় তৈরি হয়েছে।

নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকার একটি পাম্পের ব্যবস্থাপক জানান, “আজ দুপুর থেকে মোটরসাইকেল ও প্রাইভেটকারের চাপ বেশি। অনেকেই ট্যাংক পূর্ণ করে নিচ্ছেন। তবে সরবরাহে কোনো সংকট নেই।”

তবে জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন, এখন পর্যন্ত দেশে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি নেই এবং সরকারিভাবে দাম বাড়ানোরও কোনো ঘোষণা আসেনি। তাই আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে জ্বালানি ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন তারা।

ফখ| চখ

এই বিভাগের আরও খবর