পুলিশে ৪ হাজার এসআই পদ সৃজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক আজ
সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে ৪ হাজার সাব-ইন্সপেক্টর (এসআই) পদ সৃষ্টির প্রস্তাব নিয়ে আজ মঙ্গলবার (১০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে।
মন্ত্রণালয় থেকে ৮ মার্চ জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুপুর ২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোর অধীনে বিভিন্ন ইউনিটে ৪ হাজার এসআই গ্রেড-১০ (নিরস্ত্র) পদ সৃষ্টির বিষয়ে পুলিশ বিভাগের পাঠানো প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে।
দায়িত্ব গ্রহণের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশে জনবল সংকট দূর করতে নিয়োগ কার্যক্রম জোরদারের উদ্যোগ নেন। গত ২৩ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ দেন।
এর ধারাবাহিকতায় ২৬ ফেব্রুয়ারি ১৮০টি শূন্য পুলিশ সার্জেন্ট পদে তাৎক্ষণিক নিয়োগের ঘোষণা দেওয়া হয়। ইতোমধ্যে কনস্টেবল ও পুলিশ সার্জেন্ট পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অতিরিক্ত এসআই নিয়োগের এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ পুলিশের কর্মক্ষমতা বাড়বে এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে।
মআ/চখ
