chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাংবাদিক পরিচয়ে ষড়যন্ত্র করলে ছাড় নয়: এমপি শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়ালোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, ‘কিছু ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় ব্যবহার করে গুজব ছড়াচ্ছে এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না।’

সোমবার (৯ মার্চ) বেলা ১১টায় সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের অগ্রযাত্রাকে প্রশ্নবিদ্ধ করতে একটি বিশেষ গোষ্ঠী নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ গোষ্ঠী প্রশাসন, রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে এলাকাজুড়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, এসব অপপ্রচার ও গুজব রটনাকারীদের বিরুদ্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থান নিতে হবে।

সভায় এমপি শাহজাহান চৌধুরী বলেন, বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। কিন্তু দেশের এই অগ্রযাত্রাকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি গোষ্ঠী, একটি অশুভ শক্তি বিশাল ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রশাসন, রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে কুৎসা রটনা করা হচ্ছে। এর মাধ্যমে এলাকার পরিবেশ অশান্ত করার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার প্রতিনিধিকে অনুরোধ করব—এই ধরনের অপপ্রচারকারীদের বিষয়ে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না। জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। এক শতাংশও ছাড় দেওয়া যাবে না।

এমপি বলেন, যারা গুজব রটাচ্ছে, প্রশাসনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে—তাদেরকে সাংবাদিক হিসেবে নয়, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার অপচেষ্টাকারী হিসেবে চিহ্নিত করতে হবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

তিনি প্রশাসনের উদ্দেশে আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অপরাধ, মাদক, চাঁদাবাজি ও গুজব—সবকিছুর বিরুদ্ধেই কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সভায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

চখ/ককন

এই বিভাগের আরও খবর