লোহাগাড়ায় বনের টিলা কেটে মাটি বিক্রির অভিযোগ
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জের হাঙ্গর বনবিট অফিসের পাশেই কাটছে টিলা। হাঙ্গর বনবিট অফিসের পূর্ব পাশে লোহাগাড়ার পদুয়া হানিফার চর সংলগ্ন টংকাবতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চাদার পাড়া এলাকায় বনবিভাগের টিলা কেটে বিক্রি করা হচ্ছে মাটি। স্থানীয় একটি চক্র হাঙ্গর বনবিট অফিসের আধা কিলোমিটারের মধ্যে টিলা কেটে মাটি বিক্রি করলেও প্রশাসন নীরব।
সরেজমিনে জানা গেছে, লোহাগাড়ার পদুয়া হানিফার চর সংলগ্ন টংকাবতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চাদার পাড়া এলাকায় স্থানীয় একটি চক্র বনবিভাগের টিলার মাটি কেটে বিক্রি করছে। টিলাটির বেশ কিছু অংশ কেটে সাবাড় করে দিয়েছে মাটিখোকো চক্র। টিলার এক পাশে প্রায় ২০ ফুট গভীর করে মাটি কেটে নিয়ে গেছে। এভাবে টিলা কাটার কারণে পরিবেশের মারাত্নক বিপর্যয় ঘটেছে। মাটি কাটার ফলে বর্ষায় টিলার মাটি ধসে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। টিলা কাটার ফলে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র।
স্থানীয়রা জানান, বনবিভাগের লোকজনের নাকের ডগায় টিলা কেটে মাটি বিক্রি করে যাচ্ছেন জনৈক আবদুল আজিজ। বনবিভাগ নামমাত্র অভিযান পরিচালনা করলেও কিছুদিন পর আবার শুরু হয় টিলা কেটে মাটি বিক্রি।
অভিযুক্ত আবদুল আজিজ বলেন, তার দখলীয় বনবিভাগের ওই টিলার ১২ শতক এক ব্যক্তির কাছে দখল বিক্রি করেছেন। তিনি টিলা কেটে মাটি বিক্রি করার কথা অস্বীকার করেন।
হাঙ্গর বনবিট কর্মকর্তা এ কে এম আবু সাঈদ বলেন, টিলা কেটে মাটি বিক্রি করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম দক্ষিণ সহকারী বন সংরক্ষক দেলোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
চখ/ককন
