সাতকানিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যে গ্যাস বিক্রি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ন্যায্য মূল্যে এলপিজি গ্যাস বিক্রির উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। বাজারে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের তত্ত্বাবধানে নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে।
শুক্রবার সকাল থেকে উপজেলার কেরানীহাট হক টাওয়ারের সামনে এবং সাতকানিয়া মডেল হাই স্কুল মাঠে এ কার্যক্রম শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
জানা যায়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করে আসছিল। এতে সাধারণ মানুষকে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছিল। বাজারে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করে।
এ কর্মসূচির আওতায় ১২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার ১৩৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। বসুন্ধরা, এআই, সুপার, পেট্রোম্যাক্স, টোটাল, ফ্রেশ, ইউনি, ওমেরা, বেক্সিমকো ও বিক্রমসহ বিভিন্ন কোম্পানির গ্যাস বিক্রি করা হয়।
সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, অসাধু ব্যবসায়ীরা অনেক সময় কৃত্রিম সংকট সৃষ্টি করে গ্যাসের দাম বাড়িয়ে দেয়, ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। তাই ভোক্তাদের স্বার্থ রক্ষায় ন্যায্য মূল্যে গ্যাস বিক্রির এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, সরকার নির্ধারিত দামের বাইরে গ্যাস বিক্রি করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বাজার মনিটরিং জোরদার করা হচ্ছে। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
চখ/ককন
