chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

উত্তর কোরিয়ার বিপক্ষে বড় হার বাংলাদেশের

সিডনিতে অন্যান্য দিনের চেয়ে আজকের রোদটা বেশ কড়া। বেলা ১টায় সেই কড়া রোদ মাথায় নিয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১০৩ ধাপ এগিয়ে থাকা উত্তর কোরিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। প্রতিপক্ষের আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়েই শুরুটা হয়েছিল আফঈদা খন্দকারদের। কিন্তু বিরতির বাঁশি বাজার ঠিক আগে আগে ভেঙে যায় লাল-সবুজ মেয়েদের প্রতিরোধ। প্রথমার্ধে জোড়া গোল হজমের পর দ্বিতীয়ার্ধে আরও তিন গোল হজম করে বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় পিটার বাটলার শিষ্যদের।

শুক্রবার (৬ মার্চ) ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে এশিয়ান কাপের ‘বি’ গ্রুপের ম্যাচটিতে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। উত্তর কোরিয়ার পক্ষে জোড়া করেছেন কিম কিয়ং-ইয়ং। একটি করে গোল করেছেন মিয়ং ইউ-ঝং, চে উন ইয়ং, কিম হাই-ইয়ং।

৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ০-২ গোলে হেরে আসর শুরু করেছিল বাংলাদেশ। ওই ম্যাচে হারলেও দারুণ লড়াই করে মেয়েরা। যা সবার প্রশংসাও কুড়ায়। তবে উত্তর কোরিয়ার বিপক্ষে তেমন কিছু করতে পারেনি বাটলার শিষ্যরা। যদিও ৪৫ মিনিটের বেশি সময় প্রতিপক্ষকে আটকে রাখতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে দুই মিনিটের ব্যবধানে দুই গোল আদায় করে উত্তর কোরিয়া। দ্বিতীয়ার্ধে দলটি পায় আরও তিন গোল।

প্রথম গোল আদায়ের আগে আরও তিনবার বল জালে জড়ায় উত্তর কোরিয়া। তবে ভিএআরে এর প্রথম দুটি বাতিল হয়। তৃতীয়বারেরটি অফসাইডের পতাকা তুলেন সহকারী রেফারি।

আগের ম্যাচটি স্থানীয় সময় সন্ধায় খেলেছিল বাংলাদেশ। তবে এ ম্যাচ খেলতে নামে দুপুরে। আবহাওয়া বার্তায় ম্যাচ চলাকালে তাপমাত্রা দেখাচ্ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। তবে রোদের তাপটা ছিল আরও বেশি। গুগল জানাচ্ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো তাপ বিরাজ করছে। যা অনেকটা অসহনীয়ই ছিল। এমন তাপমাত্রার কারণেই হোক বা অন্যকিছু, বাংলাদেশ পারেনি নজরকাড়া ফুটবল খেলতে।

তবে আগের ম্যাচের মতো এদিনও গোলরক্ষক মিলি আক্তার ভালো কিছু সেভ করেছেন। না হলে হারের ব্যবধান আরও বড় হতে পারত। আগামী ৯ মার্চ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

ফখ|চখ

এই বিভাগের আরও খবর