সড়ক থেকে ব্যানার-বিলবোর্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীর বিভিন্ন সড়কের বিলবোর্ড ও ব্যানারে নিজের ছবি এবং অভিনন্দন বার্তা দেখে তা দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন,“মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বেরিয়ে হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে তার ছবি সম্বলিত ব্যানার এখনই সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং সেটা তৎক্ষনাৎ সরানো হয়।”
আতিকুর রহমান আরও জানান, রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে বিভিন্ন কোম্পানি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার ছবিসহ বিজ্ঞাপন প্রচার করছে, সেগুলো দ্রুত অপসারণ করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন।
কয়েকদিন আগে বিজয় সরণীর সড়ক দিয়ে প্রধানমন্ত্রী যাওয়ার সময়ে একটি এলইডিতে অভিনন্দন জানিয়ে তার ছবি প্রদর্শিত হচ্ছিল, সেটা দেখে তিনি তখনই অপসারণের নির্দেশনা দিয়েছিলেন।
এদিন প্রধানমন্ত্রী অফিস করেছেন সচিবালয়ে।সকাল ৯টা ১০ মিনিটে তিনি অফিসে আসেন। দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক।
সাক্ষাৎ প্রসঙ্গে অতিরিক্ত প্রেস সচিব বলেন,“উপকুলীয় ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার ও মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত টহল বাড়ানো এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।”
ফখ|চখ
