ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্যের চট্টগ্রাম গড়ে তুলতে চাই : মেয়র
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্যের চট্টগ্রাম গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। এমন একটি নগরী গড়ে তুলতে চাই, যেখানে সকল সম্প্রদায়ের মানুষ নিরাপদ, মর্যাদাপূর্ণ ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে।’
মঙ্গলবার নগরীর মিউনিসিপ্যাল স্কুলের মাঠে দোল পূর্ণিমা (হোলি) উৎসব উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দোল পূর্ণিমা কেবল একটি ধর্মীয় উৎসব নয়; এটি সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও ভালোবাসার বার্তা বহন করে। চট্টগ্রাম দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে। এই ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মেয়র আরও বলেন, প্রত্যেক ধর্মই ন্যায়, সততা ও মানবকল্যাণের শিক্ষা দেয়। আমরা যদি নিজ নিজ ধর্মের মানবিক শিক্ষাগুলো বাস্তব জীবনে প্রয়োগ করি, তবে একটি ন্যায়ভিত্তিক ও সুশৃঙ্খল সমাজ গড়ে তোলা সম্ভব। সন্ত্রাস, সহিংসতা ও উগ্রতা কোনো ধর্মের শিক্ষা নয়—এসবের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর সব ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও সাম্যের চট্টগ্রাম গড়তে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে ধর্মীয় নেতৃবৃন্দ, সুধীজন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভক্তিমূলক সঙ্গীত, আবির উৎসব ও সাংস্কৃতিক পরিবেশনায় দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
চখ/ককন
