টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কারবারি আটক
কক্সবাজারের টেকনাফ সদরের বীচ পয়েন্ট বাজারে অভিযান চালিয়ে ৪৯ হাজার ৮ শত ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫ এর সিপিসি-১। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন, কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক আ. ম. ফারুক।
গ্রেফতার আসামি মো. রফিক (২৮) কক্সবাজার পৌরসভার লারপাড়ার বাসিন্দা মো. হোসেনের ছেলে।
তিনি বলেন, র্যাব-১৫-এর গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২ মার্চ টেকনাফ সদর ইউনিয়নের খোনকার পাড়া বীচ পয়েন্ট বাজারে সাইফা কুলিং কর্ণারের সামনে অবস্থিত পাকা রাস্তার উপর কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয় বা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে বলে জানা যায়। এ তথ্যের ভিত্তিতে অভিযানের সময় দুইজন মাদক ব্যবসায়ী র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. রফিক নামে একজনকে ধরা সম্ভব হলেও তার সঙ্গে থাকা আরেকজন পালিয়ে যায়। এসময় তল্লাশি করে তার হেফাজতে থাকা উনপঞ্চাশ হাজার আটশত পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
সে একজন চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে টেকনাফ, কক্সবাজার, ঢাকা ও চট্টগ্রামসহ সমগ্র দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহের তথ্য পাওয়া যায়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে র্যাব-১৫ এর অভিযান অব্যাহত রয়েছে।
চখ/ককন
