দুদকের অভিযান
অনিয়মের অভিযোগে চট্টগ্রাম এলজিইডিতে রেকর্ডপত্র তলব
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চট্টগ্রাম কার্যালয়ের অধীনে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দ অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুপুরে দুদকের চট্টগ্রাম কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়। অভিযানের সময় টিমটি এলজিইডি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলীর দপ্তরে গিয়ে অভিযোগসংক্রান্ত বিষয়ে তার বক্তব্য গ্রহণ করে।
দুদক সূত্রে জানা গেছে, চট্টগ্রামের হাটহাজারী, কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ এবং কাজের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর প্রয়োজনীয় রেকর্ডপত্র তলব করেছে এনফোর্সমেন্ট টিম।
দুদক চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ বলেন, রেকর্ডপত্র পর্যালোচনা শেষে কমিশনের বরাবর দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে।
চখ/ককন
