chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে কোলোরেক্টাল ক্যানসার সচেতনতা মাস শুরু, বিনামূল্যে স্ক্রিনিং উদ্বোধন

আগামী ১ মার্চ থেকে সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও শুরু হচ্ছে কোলোরেক্টাল ক্যানসার সচেতনতা মাস। এ উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন-এর উদ্যোগে চট্টগ্রাম মহানগরে মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সার্জিক্যাল কেয়ার অ্যান্ড রিসার্চ (সিএসসিআর) এবং পোস্ট গ্র্যাজুয়েট সার্জিক্যাল একাডেমি (পিজিএস একাডেমিয়া)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সিএসসিআর-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী।

চসিকের পক্ষে মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন, সিএসসিআর-এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদল করিম চৌধুরী এবং পিজিএস একাডেমিয়ার পক্ষে চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার এ কে আজাদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাঁর ঘোষিত ‘ক্লিন, গ্রীন, হেলদি ও নিরাপদ সিটি’ গড়ার ধারণার প্রশংসা করেছেন। তিনি জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ইতোমধ্যে চট্টগ্রামবাসীর জন্য টাইফয়েড টিকা, জরায়ুমুখের ক্যানসারের টিকা এবং কুকুরদের বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

তিনি সিএসসিআর-এর জনবান্ধব কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস ও কোলোরেক্টাল ক্যানসার সচেতনতা মাস উদযাপনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে মেয়র মাসব্যাপী কোলোরেক্টাল ক্যানসার স্ক্রিনিং কার্যক্রমের উদ্বোধন করেন। আয়োজকরা জানান, সমঝোতা স্মারকের আওতায় সিএসসিআর-এর তৃতীয় তলায় মার্চ মাসজুড়ে প্রতি সোমবার ও বৃহস্পতিবার বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত ৪০ বছরোর্ধ্ব রোগীদের জন্য বিনামূল্যে স্ক্রিনিং কার্যক্রম পরিচালিত হবে।

এছাড়া ক্যানসার শনাক্ত রোগীদের টিউমার বোর্ডের মাধ্যমে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। স্ক্রিনিং কার্যক্রমের আওতাভুক্ত রোগীরা ৫০ শতাংশ ছাড়ে কোলোনস্কপি, সিগময়ডস্কোপি ও অকাল্ট ব্লাড পরীক্ষার সুবিধা পাবেন। মার্চ মাসজুড়ে মেয়রের সুপারিশকৃত অস্বচ্ছল রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় অপারেশনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাশাপাশি সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার বিশেষজ্ঞ শল্যচিকিৎসক দল চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানেও মাসব্যাপী স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করবেন বলে জানানো হয়।

এসসি/চখ