গুলিতে আহত মাঝি, মারধরে জখম ৩০ জেলে
বঙ্গোপসাগরে জলদস্যুর তাণ্ডব, আনোয়ারার তিন ফিশিং বোট লুট
চট্টগ্রামের উপকূলঘেঁষা বঙ্গোপসাগরে ফের জলদস্যুদের তাণ্ডব। কুতুবদিয়া চ্যানেলে তিনটি ফিশিং বোটে হামলা চালিয়ে লুটপাট ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে মনি নামের এক মাঝি গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন মাঝিমাল্লা আহত হয়েছেন। আক্রান্তদের সবার বাড়ি আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা গ্রামে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, সেহরির সময় সাগরে অবস্থানরত বোটগুলোকে লক্ষ্য করে জলদস্যুরা হামলা চালায়। তারা বোটে উঠে মাঝিমাল্লাদের মারধর করে এবং মাছ ধরার জাল, ইঞ্জিনসহ প্রয়োজনীয় মালামাল লুট করে নেয়। আহত মনি মাঝিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গুলিবিদ্ধ বোটটি পূর্ব গহিরা তেলিপাড়া এলাকার মো. জসিম কোম্পানির। এছাড়া মো. হেফাজ ও মো. কাশেম কোম্পানির দুটি বোটও জলদস্যুদের কবলে পড়ে। একটি বোট সকালে উপকূলে ফিরলেও বাকি দুটি টেনে আনা হচ্ছে।
সিফাত নামের এক বাসিন্দা বলেন, “জলদস্যুরা দুইটি বোটের ইঞ্জিন খুলে নিয়ে গেছে। মাঝিমাল্লাদের বেধড়ক মারধর করেছে।”
এদিকে সাঙ্গু নৌ পুলিশ ফাঁড়ির কর্মকর্তা কাইছার হামিদ জানান, কুতুবদিয়া এলাকায় হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে। উপকূলের জেলেদের মধ্যে এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এসসি/চখ
