চন্দনাইশে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে পুকুরে ডুবে মোহাম্মদ আলিফ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার মধ্য কানাইমাদারী হযরত সৈয়দ জালাল খান মুন্দার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলিফ ওই এলাকার মোহাম্মদ আলাউদ্দিনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আলিফ বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকেল চারটার দিকে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর শিশুটিকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলিফের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা এমন দুর্ঘটনা এড়াতে শিশুদের প্রতি বাড়তি নজরদারির আহ্বান জানিয়েছেন।
তাসু/চখ
