আনোয়ারায় পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি ধরা
চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতি মামলায় আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
মঙ্গলবার ভোরে উপজেলার হাইলধর ইউনিয়নের কুনিরবিল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মো. আব্দুল আলিম (৪৫) উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুনিরবিল এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মুছা মাঝি।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আনোয়ারা থানার একটি ডাকাতি মামলায় তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানায় দণ্ডিত করা হয়। আদালতের রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, র্যাব গ্রেপ্তারকৃত আসামিকে থানায় হস্তান্তর করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
তাসু/চখ
