আরাকান আর্মির কবল থেকে মুক্তি পেলেন ৭৩ বাংলাদেশি জেলে
কক্সবাজারের টেকনাফের নাফ নদ ও বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা বিভিন্ন সময় ধরে নিয়ে যাওয়া ৭৩ জেলেকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার বিকাল সাড়ে ৪টায় ৭৩ জেলেকে টেকনাফের জালিয়া পাড়া ট্রানজিট ঘাট দিয়ে ফেরত আনা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, “এসব জেলেদের ফেরত আনতে বিজিবির একটি প্রতিনিধিদল সোমবার দুপুরে নাফ নদের শূন্যরেখার উদ্দেশ্যে যাত্রা করে। আরাকান আর্মি নাফ নদের শূন্যরেখায় এদের হস্তান্তর করে। পরে তাদের ফেরত আনা হয়। ফেরত আনা জেলেদের জনপ্রতিনিধি ও প্রশাসনের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, “আরাকান আর্মির সঙ্গে ধারাবাহিক আলোচনার পর ৭৩ জেলেকে ফেরত আনা সম্ভব হয়েছে। আরাকান আর্মির দাবি, জেলেরা জলসীমা অতিক্রম করে মিয়ানমারে প্রবেশ করায় তাদের আটক করা হয়েছিল।”
অন্যান্য জেলেদের ফেরত আনতে বিজিবির পক্ষে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, বিভিন্ন সময় নাফ নদ ও বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া অন্তত ২০০ জেলে আরাকান আর্মির হাতে জিম্মি রয়েছে। এদের মধ্যে ৭৩ জনকে ফেরত আনা হলো।
ফখ|চখ
