কর্ণফুলী টানেল এলাকায় সড়ক দুর্ঘটনায় আরও ১ আসনারের মৃত্যু
চট্টগ্রামের কর্ণফুলী টানেল সড়কে সংঘটিত ভয়াবহ দুর্ঘটনায় আহত আনসার সদস্যদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজন।
শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আনসার সদস্য সুলতান মিয়া মারা যান। বিষয়টি নিশ্চিত করেন বাহিনীর উপপরিচালক মো. আশিকউজ্জামান।
এর আগে একই দুর্ঘটনায় আনসার সদস্য মো. আব্দুল জব্বার ঘটনাস্থলেই প্রাণ হারান।
মো. আশিকউজ্জামান জানান, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ১টার দিকে কর্ণফুলী টানেল সড়কের চৌরাস্তামোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে মোট ২৩ জন অঙ্গীভূত আনসার সদস্য আহত হন।
আহতদের মধ্যে ১৫ জনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ছাড়পত্র দিয়েছে।
বর্তমানে চিকিৎসাধীন সদস্যদের একজন আইসিইউতে চিকিৎসাধীন, একজন (গাড়িচালক) হাসপাতালের ওয়ার্ডে ভর্তি, তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের সিএমএইচে রেফার্ড করা হয়েছে। এছাড়া একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সর্বোচ্চ চিকিৎসা-সহায়তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।
চখ/ককন
