বিএনপির বিজয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের শুভেচ্ছা
সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উল্লেখযোগ্য ও নজিরবিহীন সাফল্যে দলের চেয়ারম্যান তারেক রহমান, দলের তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব।
শুক্রবার ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদসহ কার্যনির্বাহী কমিটির নেতারা এক বিবৃতির মাধ্যমে এই শুভেচ্ছা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ণ হওয়ার পর চব্বিশের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে এই বিজয় আগামী দিনে গণতন্ত্রকে আরও সুসংহত করবে বলে তারা মত প্রকাশ করেন। নেতৃবৃন্দ আরও বলেন, নির্বাচনটি ইতোমধ্যে দেশবাসীর কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই বিজয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চট্টগ্রাম প্রেস ক্লাবসহ দেশবাসীর প্রত্যাশা—বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা জনগণের আস্থা ও প্রত্যাশার যথাযথ প্রতিফলন ঘটিয়ে দেশ ও জনগণের কল্যাণে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা রাখবেন।
চখ/ককন
