chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

একে অপরকে মিষ্টিমুখ

জামায়াত প্রার্থীর বাড়িতে বিএনপির বিজয়ী প্রার্থী নুরুল আমিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিজয়ী বিএনপি প্রার্থী নুরুল আমিন নির্বাচন-পরবর্তী সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিজয়ের পর মিষ্টি ও ফুল নিয়ে তিনি ছুটে যান পরাজিত জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট মো. ছাইফুর রহমানের বাড়িতে।

শুক্রবার বিকেলে উপজেলার মিঠানালা ইউনিয়নে এডভোকেট ছাইফুর রহমানের বাসভবনে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নুরুল আমিন। এ সময় দুই নেতা একে অপরকে মিষ্টিমুখ করান এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, সাবেক আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, উপজেলা বিএনপির সদস্য শাহীনুল ইসলাম স্বপন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম তৌহিদ, ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আইয়ুব খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এডভোকেট ছাইফুর রহমান বলেন, “বিএনপির বিজয়ী প্রার্থী নুরুল আমিন ভাই আমার বাড়িতে আসায় আমি আনন্দিত। ফলাফল ঘোষণার পর আমিও তাকে শুভেচ্ছা জানিয়েছি। আমরা একটি আলোকিত মিরসরাই গড়তে চাই। নতুন এমপি হানাহানি, সন্ত্রাস ও নৈরাজ্য কঠোরভাবে দমন করবেন—এটাই প্রত্যাশা। উন্নয়নমূলক যেকোনো কাজে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে।”

বিজয়ী সংসদ সদস্য নুরুল আমিন বলেন, “নির্বাচন একটি প্রীতি ম্যাচের মতো। আমরা পরস্পরকে ভাই হিসেবে দেখি। বিএনপি ও জামায়াত দীর্ঘদিন একসাথে রাজনীতি করেছে। ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে ছাইফুর রহমান ভাইসহ সবাই আমার পাশে ছিলেন। আমরা একই এলাকার মানুষ। গণতন্ত্র রক্ষা ও দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচনে অংশ নিয়েছি। ১৮ বছর আমরা একসাথে গণতন্ত্রের জন্য লড়াই করেছি। নির্বাচনে প্রতিযোগিতা থাকলেও লক্ষ্য একটাই—মিরসরাইয়ের উন্নয়ন। সবার সহযোগিতায় একটি সুন্দর ও শান্তিপূর্ণ মিরসরাই গড়ে তুলব।”

নির্বাচন-পরবর্তী এই সৌজন্য সাক্ষাৎ এলাকায় ইতিবাচক বার্তা ছড়িয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।

চখ/ককন

এই বিভাগের আরও খবর