chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফটিকছড়ি আসনে সরওয়ার আলমগীর বিপুল ভোটে বিজয়ী

নিষ্পন্ন হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ফটিকছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার আলমগীর বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলা মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

ঘোষিত ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকে সরওয়ার আলমগীর পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন পেয়েছেন ৬২ হাজার ১৬০ ভোট। ফলে ৭৬ হাজার ৩৮৫ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেন সরওয়ার আলমগীর।

এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মনোনীত (একতারা) প্রতীকের প্রার্থী দলটির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি পেয়েছেন ১২ হাজার ৪১৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) প্রতীকের মোহাম্মদ জুলফিকার আলী মান্নান পেয়েছেন ২ হাজার ১৬৯ ভোট, জনতার দলের (কলম) প্রতীকের মোহাম্মদ গোলাম নওশের আলী পেয়েছেন ৩৮০ ভোট, স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আক্তার (হরিণ) প্রতীকে পেয়েছেন ২৭০ ভোট, সতন্ত্র প্রার্থী আহমদ কবির (ফুটবল) প্রতীকে পেয়েছেন ২৬২ ভোট ও গণঅধিকার পরিষদের (ট্রাক) প্রতীকের রবিউল হাসান তানজিম পেয়েছেন ২৫১ ভোট।

মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ১৬ হাজার ৪৫২টি। বাতিল ভোটের সংখ্যা ৭ হাজার ৬১টি। প্রদত্ত ভোটের হার ৪৬ দশমিক ৪৯ শতাংশ। এদিকে গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে পড়েছে ১ লাখ ১৫ হাজার ২৮৯ ভোট এবং ‘না’ পক্ষে ৮৮ হাজার ১০৩ ভোট। গণভোটে মোট বৈধ ভোটের সংখ্যা ছিল ২ লাখ ৩ হাজার ৩৯২টি। ফলাফল ঘোষণার পর মিলনায়তন চত্বরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। তারা স্লোগান দিয়ে বিজয় উদযাপন করেন এবং বিজয়ী প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানান।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, সকলের সার্বিক সহযোগিতায় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি রিট বিচারাধীন থাকায় ফলাফল রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির বিজয়ী প্রার্থী সরওয়ার আলমগীর বলেন, অনেক ষড়যন্ত্রের পর ফটিকছড়িবাসী আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার নেই। যারা ভোট দিয়েছেন এবং নির্বাচনকে উৎসবমুখর করেছেন, তাদের সবাইকে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট, র‍্যাব, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

চখ/ককন

এই বিভাগের আরও খবর