‘দ্য রমজান জার্নাল’ প্রকাশ
পবিত্র রমজান মাস উপলক্ষে তাতারস্তান প্রজাতন্ত্রের ইসলাম ধর্মীয় প্রশাসন প্রকাশ করেছে তাদের ‘দ্য রমজান জার্নাল।’ যা রোজাদারদের আধ্যাত্মিক যাত্রা সহজ করবে। কর্তৃপক্ষের দাবি, এই প্রকাশনা একাধিক ক্ষেত্রে রোজাদারদের সহায়ক হিসেবে কাজ করবে। এই জার্নাল শুধু ইবাদতের প্রতি মনোযোগ বাড়ায় না, বরং রমজান মাসে দৈনন্দিন জীবনের ব্যস্ততা ও ধর্মীয় কর্তব্যের মধ্যে ভারসাম্য রক্ষায় কার্যকর ভূমিকা পালন করে।
‘দ্য রমজান জার্নাল’ মূলত একটি বিস্তৃত ডায়েরি, যা ব্যবহারকারীদের প্রতিদিনের ইবাদত ও আধ্যাত্মিক কর্মকাণ্ড ট্র্যাক করতে সহায়তা করবে।
এই জার্নালে রয়েছে কোরআন তেলাওয়াত পর্যবেক্ষণের জন্য সুনির্দিষ্ট টিপস, সৎকর্ম এবং পুণ্য অর্জনের বিভিন্ন পরামর্শ এবং আল্লাহর সুন্দর নামগুলোর অর্থ চিন্তা করার জন্য বিশেষ স্থান। টানা পঞ্চমবারের মতো প্রকাশিত ‘দ্য রমজান জার্নাল’ তাতারস্তানে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
এর সাফল্যের মূল কারণ হলো, এটি শুধু বাধ্যতামূলক বা স্বেচ্ছাসেবী ইবাদতের দিকে মনোনিবেশ করে না, বরং দৈনন্দিন কাজকর্মকে সুশৃঙ্খলভাবে সংগঠিত করার সুযোগও প্রদান করে।
প্রতিটি জার্নালে ৩০টি পৃষ্ঠা রয়েছে, যা পবিত্র মাসের দৈনন্দিন ইবাদতের জন্য নির্ধারিত। ফলে রোজাদাররা তাদের আধ্যাত্মিক যাত্রার দৈনিক রেকর্ড রাখতে পারবে এবং অত্যন্ত সাফল্যের সঙ্গে রমজান মাস কাটাতে পারবে।
তাসু/চখ
