নির্বাচন ও গণভোট ঘিরে চট্টগ্রামে র্যাবের জোরদার টহল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে সামনে রেখে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা জোরদার করেছে র্যাব। নির্বাচন কমিশনের নির্দেশনা এবং র্যাব ফোর্সেস সদর দপ্তরের দিকনির্দেশনা অনুযায়ী র্যাব-৭ এর আওতাধীন চারটি জেলায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, চার জেলার ২০টি সংসদীয় আসনের নির্বাচনী এলাকায় মোট ৫০টি টহল দল, একটি ডগ স্কোয়াড এবং একটি বোম্ব ডিসপোজাল ইউনিট দায়িত্ব পালন করছে। নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে এই বিশেষ টহল আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে নিয়মিত যৌথ টহল পরিচালনা করছে র্যাব-৭। পাশাপাশি নিজ দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
র্যাব-৭ এর আওতাধীন গুরুত্বপূর্ণ এলাকা চট্টগ্রাম জেলা ও মহানগরীতে মোট ১৬টি সংসদীয় আসন রয়েছে। এসব এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪০টি টহল টিম দায়িত্ব পালন করছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ) লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি, অধিনায়ক র্যাব-৭, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল পরিচালনা ও একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সংসদীয় আসন নং-০৯ এর অন্তর্ভুক্ত চট্টগ্রাম মহিলা কলেজ ভোটকেন্দ্র প্রাঙ্গণে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় অধিনায়ক র্যাব-৭ জনসাধারণকে জড়তা ও ভীতি মুক্ত হয়ে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সঠিক নেতৃত্ব নির্বাচনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে বলেও তিনি সতর্ক করেন।
র্যাব-৭ জানায়, আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যেকোনো সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে তারা বদ্ধপরিকর। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি ও সতর্কতা অব্যাহত থাকবে বলে জানানো হয়। নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সবার সহযোগিতাও কামনা করেছে র্যাব।
মআ/চখ