ভোটের আগে আনোয়ারার ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চুরি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের ঠিক আগে এমন ঘটনায় ভোটারদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরাগুলো মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে দুর্বৃত্তরা খুলে নিয়ে যায়। বুধবার সকালে কেন্দ্র প্রাঙ্গণে গিয়ে ক্যামেরাগুলো না দেখে বিষয়টি প্রথমে নজরে আসে। পরে খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া যায়, রাতের কোনো এক সময় পরিকল্পিতভাবে ক্যামেরাগুলো সরিয়ে নেওয়া হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, ভোটের দিন বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা নাশকতার উদ্দেশ্যেই এ চুরি সংঘটিত হয়ে থাকতে পারে। তারা দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি অবিলম্বে নতুন সিসি ক্যামেরা স্থাপন ও অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করে ভোটকেন্দ্রের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তাসু/চখ
