আইজিপি বাহারুল আলম
নির্বাচন ঘিরে যেকোনো অস্ত্রই থ্রেট
নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অস্ত্রই হুমকি (থ্রেট) বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, অস্ত্রের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে ‘জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি’ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
থানা থেকে লুট হওয়া ব্যক্তিগত অস্ত্রের বিষয়ে প্রশ্ন করা হলে আইজিপি বলেন, “যেকোনো অস্ত্রই থ্রেট। এর বাইরে বিভিন্নভাবে অস্ত্র দেশে প্রবেশ করে। এসব মোকাবিলায় আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি।”
আইজিপি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বৈধ অস্ত্রের ক্ষেত্রেও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
তিনি জানান, এবারের নির্বাচনে সারাদেশে মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
নিরাপত্তা ব্যবস্থা তিন স্তরে পরিচালিত হবে উল্লেখ করে আইজিপি বলেন, নির্বাচনে প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো হয়েছে।
তিনি বলেন, “প্রায় ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা ব্যবহার করা হবে। এছাড়া পুলিশ সুপাররা ড্রোনের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।”
আইজিপি আশাবাদ ব্যক্ত করে বলেন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
তাসু/চখ