রাঙ্গামাটিতে ধানের শীষের পক্ষে বিশাল গণ মিছিল
প্রচারণার শেষ দিনে সোমবার বিশাল গণ মিছিলের মাধ্যমে শোডাউন দিয়েছেন ২৯৯ নং রাঙ্গামাটি আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দিপেন দেওয়ান। বিকেল সাড়ে ৩টায় পৌরসভা চত্বর থেকে গণ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে কোর্ট বিল্ডিং চত্বরে গিয়ে শেষ হয়।
গণ মিছিলে শহরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী-পুরুষ অংশ নেন। মিছিলে বাঙালি সম্প্রদায় ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক পাহাড়ি জনগোষ্ঠীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ সময় দলীয় নেতা কর্মীরা ধানের শীষের পক্ষে যোগ দেন। ব্যানার, ফেস্টুন, দলীয় প্রতিকে সজ্জিত মিছিলটি আশেপাশের এলাকা মুখর করে তোলে। মিছিলের অগ্রভাগ ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দিপেন দেওয়ান হাতে নেড়ে জনসাধারণকে অভিবাদন জানান।

মিছিলে অংশ নেন সাবেক সংসদ সদস্য মণি স্বপন দেওয়ান,রাঙ্গামাটি জেলা বিএনপি সভাপতি দিপেন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাইফুল ইসলাম ভুট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, পৌর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম সহ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল, মৎস্যজীবী দল ও ছাত্রদলের জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এসসি/চখ
